জলপাইগুড়ি , ২৭ জুন
রাজ্যে পালাবদলের পর থেকেই একাধিক দুর্নীতি,কাটমানি সহ বিভিন্ন ইস্যুতে বিভিন্ন স্তরের তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সরব হয়েছেন বিজেপি নেতাকর্মী থেকে সহ সাধারণ মানুষ।আর এবার রীতিমতো ছবিসহ পোস্টার টাঙিয়ে তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে সামিল হলেন মহিলারা।
জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ পল্লীর ঘটনা। জানা গেছে, বিবেকানন্দ পল্লীর তিস্তা চর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জল জমে থাকে। যে কারণে বেশ কয়েক মাস আগে সেই জল জমার প্রতিবাদে স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেসময় স্থানীয় কিছু তৃণমূল নেতাকর্মী সেইসব মহিলাদের ওপর চড়াও হন এবং তাদের ধাক্কাধাক্কি ও মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনার পর তৎকালীন সময়ে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলে দাবি প্রতিবাদীদের।আর তাই এবার রীতিমতো ছবিসহ পোস্টার টাঙিয়ে তাদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন এলাকার মহিলারা।
এলাকার মহিলাদের দাবি, ” প্রকৃত দোষীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে।” যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকর্মী বা তৃণমূলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা জয়া সরকার বিশ্বাস বলেন, “আমি পুলিশের কাছে আবেদন করব যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হয়। কেননা ওই ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।আর সেই ক্ষোভেই মানুষ পোস্টার লাগিয়েছে।”

