শিলিগুড়ি, ৬ মে :
ভোট-পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে কড়া অবস্থান নিল শিলিগুড়ি পুলিশ। যেকোনো ধরনের হিংসা বা অশান্তির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার সায়েদ ওয়াকার রাজা।
বুধবার এক সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার, জেলাশাসক এবং সশস্ত্র সীমা বল (SSB)-এর ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর স্পষ্ট জানিয়ে দেন, বিজয় উল্লাসের নামে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
পুলিশ কমিশনার আরও জানান, শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
অন্যদিকে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জী। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন। তবে সেই অভিযোগ খারিজ করে SSB-এর ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর গৌতম সাগর জানান, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করেছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করেছে।

