জলপাইগুড়ি, ডুয়ার্স, ৭ জানুয়ারী :
ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগান থেকে ফের উদ্ধার হলো একটি চিতাবাঘ। মঙ্গলবার সকালে বাগানের ৪ নম্বর সেকশনের একটি নালায় চিতাবাঘটিকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়াতেই এলাকায় ভিড় জমে। পরে বনদপ্তরের খুঁনিয়া স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাটাগুড়ি প্রকৃতি বিকাশ কেন্দ্রে পাঠায়। উল্লেখ্য, এর আগের দিন নাগেশ্বরী চা বাগানের ২০ নম্বর সেকশন থেকে একটি চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে জানা যায়, লড়াইয়ের জেরেই তার মৃত্যু হয়েছে। বনদপ্তরের অনুমান, আহত চিতাবাঘটির সঙ্গেই ওই লড়াই হয়েছিল। টানা দু’দিনে দুই চিতাবাঘ উদ্ধারের ঘটনায় চা বাগান এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

