জলপাইগুড়ি, ৬ এপ্রিল :
রেলের কাজে তোলা চাওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের উপর হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি রোড স্টেশন এলাকায়। অভিযোগ, তোলা না দেওয়ায় নির্মাণ শ্রমিকদের মারধর করা হয়, ঘটনায় আহত হন অন্তত ৭ জন।
শনিবার গভীর রাতে স্টেশনের নির্মাণ শ্রমিকরা ক্যাম্পে ঘুমিয়ে থাকার সময় দুষ্কৃতীরা ঢুকে শ্রমিকদের কাছ থেকে টাকা দাবি করে। প্রায় ২৫০ জন শ্রমিকের মাথাপিছু টাকা চাওয়া হয় বলে অভিযোগ। টাকা না দেওয়ায় কয়েকজন শ্রমিককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে তারা কোনওরকমে পালিয়ে ক্যাম্পে ফিরে আসেন।
ঘটনার পর আহত শ্রমিকরা কোতোয়ালি থানা ও জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। আতঙ্কিত শ্রমিকরা প্রতিবাদে অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনের নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এদিকে, স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে তৈরি একটি আইএনটিটিইউসি পার্টি অফিস সোমবার রেলের পক্ষ থেকে জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। রেলের দাবি, একাধিকবার সরানোর নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি।
রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য পার্থ রায় এই ঘটনাকে শাসক দলের দুষ্কৃতীদের কাজ বলে দাবি করে কড়া নিন্দা জানান এবং বিষয়টি রেলের উচ্চপদস্থ কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান।

