কোচবিহার, ২৯ মে:
কোচবিহার জেলা পরিষদ-এর সামনে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন ৩২ নম্বর কেন্দ্রের জেলা পরিষদ সদস্যরা। ২০১১ সাল থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে এদিন তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, ত্রাণ বণ্টন, পানীয় জল প্রকল্প, রাস্তা নির্মাণ এবং ১০০ দিনের কাজ (MGNREGA) সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অনিয়ম হয়ে আসছে। এই সমস্ত প্রকল্পে বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার হয়নি বলেও দাবি করেন তারা।
সদস্যদের আরও অভিযোগ, এদিন দুপুর ১২টায় জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে তাদের সাক্ষাতের সময় নির্ধারিত থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা এবং জেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীরা জানান, সাধারণ মানুষের স্বার্থে এবং উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসনের তরফে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

