শিলিগুড়ি, ২০ মে :
উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আগমনকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে গোটা শহর শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে প্রথমে তিনি যাবেন দার্জিলিং মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে। এরপর সরাসরি রওনা দেবেন উত্তরকন্যায়।
উত্তরকন্যায় অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে পাঁচটি জেলার জেলাশাসক, পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট জেলার বিধায়কদের। প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরকন্যার সামনে ইতিমধ্যেই জড়ো হয়েছেন বহু চাকরিপ্রার্থী। নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নতুন করে তুলে ধরতে তারা সেখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীর সমর্থনে ভিড় জমিয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরাও।

