ডুয়ার্স , ২২ আগস্ট
নদীতে স্নান করতে নেমে মৃত্যু হলো দুই কিশোরীর। মৃত দুই কিশোরীর নাম সুশানি মুন্ডা(১৪) ও পূজা মুন্ডা। দুজনেই ডুয়ার্সের নাগরাকাটার গ্ৰাসমোড় চা বাগানের বাসিন্দা এবং চম্পাগুড়ী হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী ছিল।
জানা গেছে, এদিন প্রচন্ড গরমের কারণে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া গাঠিয়া নদীতে স্নান করতে নামে দুই বান্ধবী। এদিকে পাহাড় থেকে নেমে আসা এই নদীতে যথেষ্ট জলের স্রোত থাকে এমনকি মাঝেমধ্যেই হরপা বান আসে।
আর সেই গাঠিয়া নদীতে বেশ কিছু সময় স্নান করার পর তারা কিছুটা এগিয়ে যায়। যেদিকে কাজের কারণে জেসিবি দিয়ে গর্ত করা হয়েছিল। কোনভাবে সেই গর্তেই পড়ে যায় তারা। তাল সামলাতে না পেরে তলিয়ে যায় দুজনেই। এরপর স্থানীয়রা খবর পেয়ে ছুটে এসে নদী থেকে দুই কিশোরীর দেহ উদ্ধার করে।ততক্ষনে দুইজনেই মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ ও রেল পুলিশ।মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এর আগেও এই গাঠিয়া নদীতে স্নান করতে নেমে মৃত্যুর ঘটনা ঘটেছে।

